চট্টগ্রামের রাউজানে গুলিতে যুবক নিহত: রাতের আঁধারে সন্ত্রাসীদের হামলা
চট্টগ্রামের রাউজান উপজেলায় বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি পেশায় দিনমজুর হলেও পাশাপাশি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজের সঙ্গেও জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু সেদিন তার নানাবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে বাবলুকে মারধর করে এবং পরে গুলি করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর Bnc News কে জানান, তার ছেলে প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ ছিল। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। স্থানীয় একটি সূত্রের দাবি, বাবলু যুবদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন